ফ্যামিলি কার্ড প্রকল্পকে শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়; বরং একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ প্রকল্পে থাকা যেসব ত্রুটিবিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধন করা হবে।
সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব টাকা আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের দৃষ্টান্তমূলক প্রকল্প। এটি অগ্রাধিকার পাবে।














































































