পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিবিধান, প্রবিধান বা আইন প্রণয়ন করতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।
দেশের সব পথশিশুর মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে।
পথশিশুদের সুরক্ষা নিশ্চিতে নিষ্ক্রিয়তা নিয়ে মানবাধিকার সংগঠন ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান আবেদনকারী হয়ে ৭ মে রিটটি করেন।














































































