আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেছেন ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস এস্কান্দার। তিনি বলেন, ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি প্রয়োজনে সাক্ষ্য দেবেন।
আজ সোমবার বিকেলে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শামস এস্কান্দার। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মামাতো ভাই। বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত সাঈদ এস্কান্দার তাঁর বাবা।
শামস এস্কান্দার বলেন, ওই রাতে র্যাব ও সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের অফিস ভেঙে ফেলে। তাঁদের সম্প্রচারের যন্ত্রপাতি, কম্পিউটার, এডিটিং প্যানেল এবং অফিস তছনছ করে। ওই দিনই ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।














































































