জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এই প্রচারণামূলক স্লোগান লেখেন তাঁরা। দেয়াললিখনে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাতির লেজ কাটা’সহ বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়।
ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে একটি গোষ্ঠী বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কার্যক্রম রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, ‘আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। যারা আত্মগোপনে থেকে অপরাজনীতি করে, তারা পরবর্তীতে তার দায়ভার নেয় না। আমরা স্পষ্ট রাজনীতি চাই।’














































































