জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে এই মানববন্ধন হয়।
জকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলিম আরিফসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচারপ্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।’














































































