দেশে জনদুর্ভোগ আছে কি না, সেটি বোঝার জন্য পেট্রলপাম্প পরিদর্শনে গিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন), দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
তেলের বাজারে অস্থিরতার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘দ্রব্যের মূল্য বেড়ে গেছে দুটি কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট। এ জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আরেকটা হলো, চাঁদাবাজির রেটও বাড়িয়ে দিয়েছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের ঘাড়ে পড়তেছে।’
ইরানের সঙ্গে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব নিয়ে সরকার সত্যিটা বলছে না অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সংকটটা আমরা তৈরি করি নাই, আমাদের সরকারও তৈরি করে নাই। বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসেবে এটা আমাদের গায়ে পড়েছে। কিন্তু আমাদের সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে, এটা তুলে ধরতে হবে। সবাই বুঝবে তা। তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য ধরবে।’














































































