পার্লামেন্টে আইন পাসের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘তাঁদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেননি, সেইটা বলার নৈতিক জায়গা জামায়াতের আর নাই। কেন নাই, এই সংসদে আমরা একটি আইন পাস করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬। সেই আইনের মধ্যে একটি সংজ্ঞা আছে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর, রাজাকার, আলবদর-আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজাম ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে যাঁরা লিপ্ত হয়েছিলেন, তাঁরাই মুক্তিযোদ্ধা। তার মানে দাঁড়ায়, তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল।’














































































