বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় সংসদে মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। আর যেগুলো পাস করা হয়েছে, তা মৌলিক সংস্কার নয়। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরতলির মুসলিম মিশন মিলনায়তনে ফরিদপুর অঞ্চলের উপজেলা ও পৌরসভা দায়িত্বশীল সম্মেলনে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান সরকারপ্রধান নির্বাচনের আগে তাঁদের দলীয় প্রতীকের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও সমর্থন চেয়েছিলেন। তবে একই তফসিলের দুটি ভোটে অংশ নিয়ে একটির শপথ পড়লেন আর গণভোটের রায়কে ছুড়ে ফেললেন।
সরকার দেশের প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে ছুড়ে ফেলতে পারবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, দেশটা কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সবার বাংলাদেশ। অধিকাংশ জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।














































































