ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নূরুন্নিসা সিদ্দীকার কাছে নগদ ৫০ হাজার টাকা আছে। তবে ঢাকার কেরানীগঞ্জে তাঁর অকৃষিজমি আছে ৬৭৬ শতাংশ (২০ বিঘার বেশি)।
হলফনামার তথ্য অনুযায়ী, নূরুন্নিসা সিদ্দীকার বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। আয়ের সব অর্থই আসে শিক্ষকতা থেকে। তিনি অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩৯৭ টাকা, যার বর্তমান মূল্য ১২ লাখ ১০ হাজার ৩৯৭ টাকা।
এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও একটি ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা। তাঁর কাছে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং একটি হীরার আংটি রয়েছে। আসবাব আছে ৪ লাখ টাকার। তাঁর কোনো ঋণও নেই।














































































