জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী–৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ রিমান্ড আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন।
আজ মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর–১০ নম্বরের ফলপট্টিতে ছাত্র–জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এতে দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।














































































