জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।
জামায়াতে ইসলামী ও দলটি থেকে নির্বাচিত ৬৬ জন সংসদ সদস্য এ–সংক্রান্ত রিটে ব্যক্তিগতভাবে বিবাদী হিসেবে গত সপ্তাহে পক্ষভুক্ত হয়েছেন। এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য দেওয়া চিঠির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মাহবুব আলম গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আরেকটি রিট করেন।
পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ মার্চ হাইকোর্ট রুল দেন। প্রথম রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া রুলে ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।














































































