প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯: ৫৪ জ্বালানি খাতে সীমাহীন যে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও সিষ্টেম লস অব্যাহত রয়েছে তার দশ শতাংশ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন। সাইফুল হক বলেন, গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং চলছে। এটা চলতে থাকলে ধানসহ গ্রামীণ উৎপাদনশীল খাতসমূহকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর জন্য দায়ী জ্বালানি খাতের বিদ্যমান দুর্যোগ। এ দুর্যোগ থেকে বেরিয়ে আসতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সেজন্য জ্বালানি খাতে যে সীমাহীন চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও সিষ্টেম লস অব্যাহত রয়েছে -তা কেবল ১০ শতাংশ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির আর প্রয়োজন হবে না।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও এখনও পর্যন্ত কৃষকসহ সাধারণ মানুষ ঠিকভাবে জ্বালানি পাচ্ছে না। মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু তারও কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।
বিবৃতিতে ডিজেলের মারাত্মক ঘাটতিতে দেশের অধিকাংশ জেলায় সেচের কাজ ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাইফুল হক। তিনি বলেন, ডিজেলের মারাত্মক সংকটে কৃষি সেচযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে। ডিজেলের অভাব ও লোডশেডিংয়ের কারণে জেলায় জেলায় বোরো ধানের চাষ বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে। হাজার হাজার হেক্টর জমিতে বোরো শুকিয়ে যাচ্ছে।














































































