রাজধানীর রামপুরার বনশ্রীতে মাদ্রাসার শৌচাগার থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে এজাহারভুক্ত আসামি শিক্ষার্থী মো. শিহাব হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে শিহাবকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রীর একটি মাদ্রাসার শৌচাগার থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।














































































