জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭–এর বিচারক তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
এর আগে গত বছরের ১৭ মে এই মামলায় জামিন চাইলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তা নামঞ্জুর করেন। আজ আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম মমতাজ বেগমের জামিন চেয়ে আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলি চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীরা।
এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. সাগর নামের এক ব্যক্তি। এ ঘটনায় সেই বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের উল্লেখ করে ২৪২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মমতাজ বেগম এই মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।














































































