অস্ত্র নিয়ে মব সৃষ্টির অভিযোগে অবিলম্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা এ দাবি করেন। আজ দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসিরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম ছোড়া হয়। পরে তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে ইট নিক্ষেপ, লাঠিপেটা ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।
ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ বলেন, নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে এসেছিলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালান। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।














































































