হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পবিত্র ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ফাতেমা বেগম নামের নারায়ণগঞ্জের এক বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ফাতেমা বেগমের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসিকে (ইমিগ্রেশন) বিবাদী করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৩৬ এবং ৪১ অনুচ্ছেদ দ্বারা স্বাধীনভাবে চলাফেরা ও ধর্মচর্চার অধিকার যেকোনো নাগরিকের অবিচ্ছেদ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ফাতেমা বেগম একজন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ নারী। জীবনের শেষ সায়াহ্নে এসে পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমি জিয়ারত এবং আল্লাহর সান্নিধ্য লাভের একবুক স্বপ্ন নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে হাজির হয়েছিলেন।
ইমিগ্রেশন কর্মকর্তাদের নিষ্ঠুর ও অবিবেচক আচরণে তার সেই পবিত্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট ও বৈধ কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়।














































































