পল্লবীতে শিশু হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি

পল্লবীতে শিশু হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি

পল্লবীতে সাত বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গুলশান সোসাইতি। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশান-২ গোলচত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। গুলশান সোসাইতির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন সোসাইতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে মজিবুর রহমান বলেন, ‘শিশু হত্যাকাণ্ডের এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আমাদের সন্তানদের জন্য এমন অনিরাপদ বাংলাদেশ চাই না। এই জঘন্য অপরাধের বিচার নিয়ে আমরা দীর্ঘ অপেক্ষায় থাকতে রাজি নই।’ তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সরকার ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন গুলশান সোসাইতির যুগ্ম সচিব জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ এবং নারী ও শিশুবিষয়ক উপকমিটির চেয়ারম্যান কামরুন্নাহার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।