রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্ক। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। সমাবেশে পল্লবীর শিশুর নৃশংসভাবে হত্যার বিচারসহ দেশের সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে দেশের আইন ও বিচারব্যবস্থাকে আরও কঠোর করার দাবি জানান বক্তারা।
ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্কের সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন বলেন, ‘আমরা সকলে মিলে যদি একটি ব্যানার থেকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতাম, তাহলে আমাদের এই প্রতিবাদ আরও ফলপ্রসূ হতো। আমরা সরকারের ওপর যে চাপ সৃষ্টি করতে চাই, সেটি ভালোভাবে করতে পারতাম।’
সমাবেশে সংহতি জানিয়ে ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক ফারজানা আহমেদ বলেন, ‘বাংলাদেশের অনেক শিশু রয়েছে, যারা প্রত্যন্ত অঞ্চলে, চরাঞ্চলে কিংবা গ্রামে বসবাস করে। যারা ধর্ষণের শিকার হচ্ছে, তাদের সবগুলো ঘটনা আমাদের সামনে আসছে না। আমরা সবগুলো ঘটনা জানতেও পারছি না। কিন্তু আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে, যেন আইন যেটা আছে, সেটার বাস্তবায়ন দীর্ঘসূত্রতার পর্যায়ে না পড়ে।’














































































