জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পরিবর্তনের ধারাকে টেকসই ও সফল করতে দেশের ভেতরের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ইসলামিক মিশন জাপান আয়োজিত 'কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপানে বসবাসরত প্রবাসী মুসলিমদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন এবং স্থানীয় জাপানি সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ সঠিকভাবে তুলে ধরার প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা ও দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠানটি প্রকাশ পায়। এ সময় ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও সম্ভাবনার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।














































































