প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম (রনি) জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বই পড়ার কর্মসূচি কীভাবে সারা দেশের শিক্ষার্থীদের মধেৱ বিস্তৃত করা যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।














































































