সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 'জাতীয় সমন্বয় কমিটি' গঠন করা হয়েছে। এই কমিটিতে ১১ সদস্য রয়েছেন। কমিটির সদস্য হিসেবে আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে কমিটি নির্ধারিত বিষয়গুলোর ওপর একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ, প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধন ও সংস্কার এবং নতুন আইন-বিধি বিধান প্রণয়নে সুপারিশ করা এবং কমিটি নির্ধারিত সব ধরনের ক্ষেত্র, সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্মগুলো নিয়মিতভাবে তদারকির ব্যবস্থা গ্রহণ ও সে অনুযায়ী গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন ও নির্দেশনা দেওয়া।
প্রতি তিন মাসে বা প্রতি মাসে ন্যূনতম একবার কমিটির সভা হবে। এনএসআই কমিটির সচিবালয়–সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে।














































































