রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামকে শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলামের হুমকির অভিযোগে ইসলামী ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার দুপুরে শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘রাবি ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম যেভাবে “শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে” বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এইভাবে হুমকি দেওয়া শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনাই নয়, বরং সন্ত্রাসী ও উগ্রবাদী আচরণের নামান্তর।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, রাবি ছাত্র উপদেষ্টার সঙ্গে ছাত্রদল নেতার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ স্পষ্টভাবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে। ভিন্নমত দমন ও দখলদারিত্বের বহিঃপ্রকাশ ঘটানো উক্ত ছাত্রদল নেতার এই উদ্ভট আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।














































































