রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম।
গতকাল এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে তাঁদের সম্পৃক্ততা স্পষ্টভাবে দেখা গেছে। তাই কারণ দর্শানোর নোটিশের অপেক্ষা না করে তাঁদের বহিষ্কার করা হয়েছে।














































































