বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা রানা প্লাজার মামলা পরিচালনা করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। 'রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাকশিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা' শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
আলোচনা সভায় ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মৃত্যুকে ছোট করে দেখার সুযোগ নেই। ১ হাজার ১৩৭ জন লোক মারা গেল এবং আড়াই হাজার মানুষ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু কোনো মালিক মরে না, মরে শুধু শ্রমিকরা। শ্রমিকরা কাজ করতে যায়, কিন্তু ফিরে আসে লাশ হয়ে।
রুহুল আমিন বলেন, রানা প্লাজার মামলা পরিচালনায় একটা সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হোক। দ্রুত এই মামলা শেষ করার জন্য এই কমিটি গঠন করা প্রয়োজন।














































































