রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ের তালা দিয়েছে সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে এ তালা দেওয়া হয়। আজ দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে তালা ঝুলছিল।
তালা দেওয়ার পরে গতকাল রাতেই কার্যালয়টির সামনে বিক্ষোভ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, কমিটি বাতিল না করা পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলবে।
ছাত্রদলের জেলা কার্যালয়ের অবস্থান শহরের কাঁঠালতলী এলাকায় একটি ভবনে। ওই ভবনে বিএনপি ও অঙ্গ–সহযোগী অন্য সংগঠনেরও কার্যালয় রয়েছে। আজ সকালে সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কার্যালয়ে দুটি তালা ঝুলছে। একটি দিয়েছে বিক্ষোভকারীরা আর আরেকটি আগে থেকেই এতে ছিল। তবে সকালে গিয়ে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।














































































