রংপুর সিটি করপোরেশনের জন্য সরকারের কোনো বরাদ্দ নেই উল্লেখ করে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবীর আক্ষেপ করছিলেন। তিনি একটি তথ্য আমার সঙ্গে শেয়ার করেন। সরকারের দপ্তর বা সংস্থাভিত্তিক উন্নয়ন বাজেটের বিভাজন শিরোনামে শেয়ার করা সেই তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরেও বরাদ্দ ০.০০ টাকা। ওই তথ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রাক্কলনেও দেখানো হয়েছে ০.০০ টাকা। অর্থাৎ এক টাকাও বরাদ্দ নেই।
রংপুর সিটি করপোরেশনের নিজস্ব যে আয়, তা দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। দেশের অন্যান্য সিটি করপোরেশনে প্রচুর বরাদ্দ দেওয়া হলেও রংপুরের জন্য কোনো বরাদ্দ নেই। কী আশ্চর্যজনক! যখন রংপুরে সামান্য বরাদ্দ ছিল, তখনো রংপুরের চেয়ে আয়তনে ছোট, জনসংখ্যাও কম ও নবীন সিটি করপোরেশনের জন্যও রংপুরের তুলনায় অনেক গুণ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
অতীতেও রংপুরে যে সামান্য বরাদ্দ দিয়েছিল, তা না দেওয়ারই নামান্তর। রংপুরের মানুষের তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার সিটি করপোরেশন ঘোষণা করেছে। কিন্তু এর উন্নয়নে কোনো মনোযোগ দেয়নি। বৈষম্যের ধারাবাহিকতা জারি থাকে অন্তর্বর্তী সরকারের সময়ও।














































































