রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম চলবে কি না এ বিষয়ে শিক্ষার্থীদের একটি অংশ গণভোটের দাবি জানিয়েছেন। এই গণভোট ১০ দিনের মধ্যে করতে হবে, এমন আলটিমেটামও দিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে কী করা যায় তা ভেবে দেখা হবে। গঠন করা হতে পারে একটি কমিটি।
শিক্ষার্থীদের একটি পক্ষের দাবিগুলো হচ্ছে—ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার লক্ষ্যে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টিকারীদের বহিষ্কার; ১০ আগস্ট ২০২৪ পাস হওয়া প্রজ্ঞাপনে সব ধরনের ও সব দলের রাজনীতি নিষিদ্ধ ছিল, এর সপক্ষে প্রশাসনের সঠিক জবাবদিহি; নির্বাচনকালীন কমিটি গঠন করে রুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি চায় কি চায় না এ বিষয়ে প্রশাসনকে ১০ দিনের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে।
গত সোমবার প্রশাসনের কাছে তিন দফা দাবি জমা দেওয়ার পর ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।














































































