প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৭ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনমন্ত্রী সে সময় মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ারও আহ্বান জানান। সোমবার রাজধানীর বনানীর কড়াইল বস্তি এরশাদ মাঠে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন মন্ত্রণালয়ের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে জার্মান ফেডারেল মিনিস্টি ফর ইকোনোমিক কো-অপরারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই ভ্রাম্যমাণ ক্যাম্পের আয়োজন করে। জার্মান সরকারের আর্থিক সহায়তায় গরীব, অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ। যেখানে ভুক্তভোগী কেউ হটলাইন ১৬৬৯৯ নাম্বারে কল দিয়ে আইনি সহায়তা পেতে পারেন।
মানুষের কাছে আইনি সহায়তা আরও সহজলভ্য করতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কপোরেশনের ৯টি স্থানে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হবে। আইনমন্ত্রী জানান, কেউ অবিচারের শিকার হয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে হটলাইন নাম্বারে কল দিয়ে সহায়তা চাইলে তা পাওয়া যাবে।
তিনি আরো বলেন, আমরা এমন একটা বিচার ব্যবস্থা চাই যেখানে কড়াইল বস্তি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীও যেন সুবিচার পান। এলক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কাউকে ক্ষমতাধর ব্যক্তি মনে করার দরকার নেই। কেউ আইনের ঊর্ধ্বে না।














































































