প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫৭ শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে। জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।
তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে,এটি দেশের জন্য অশুভ সংকেত।














































































