শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য এডিট করে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের ৩১দফার মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে দেশব্যাপী ড. আ ন ম এহছানুল হক মিলন নিরলসভাবে কাজ করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্যে ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বাংলার রাজনীতি নামে একটি আইডি থেকে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এহছানুল হক মিলন যখন শিক্ষাক্ষেত্রে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমন সময় একটি মহল শিক্ষামন্ত্রীকে হেয়পন্ন করতে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।














































































