প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৮: ৫৬ আগামী শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশের নাগরিকগণ অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। সুতরাং এ গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব।
এ আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে।














































































