চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগী, সাক্ষী ও অভিযুক্ত পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবদ করা হয়। সাবেক পুলিশ সদস্য মোশাররফ আমার দেশকে বলেন, তদন্তের অংশ হিসেবে তাকে, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সজীব এবং অভিযুক্ত এসআই হারুন (হারুন-২), কনস্টেবল মেহেদী ও এসআই পরিমলকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। সেখানে ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। মোশাররফ আরো বলেন, তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন।
এর আগে, মোশাররফ অভিযোগ করেন, সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেন। বিষয়টি ওসি মাহিনুল ইসলামকে একাধিকবার জানালেও কোনো প্রতিকার পাননি। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়েরের পাশাপাশি পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেন।














































































