প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৯: ২৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৯: ২৭ জুলাই আন্দোলনে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় একে-৪৭ রাইফেল দিয়ে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবলীগকর্মী সোলায়মান বাদশা জামিনে মুক্ত হয়ে আবার প্রকাশ্যে মিছিলে অংশ নিয়েছেন। গত শুক্রবার নগরের ষোলশহর এলাকায় ১০-১৫ জনকে নিয়ে মিছিল বের করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটিতে নেতৃত্বও দেন সোলায়মান। অথচ তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে।
এই বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। শুক্রবারের ওই মিছিলের ভিডিও শেয়ার করেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভিডিওটি শুক্রবারের বলে নিশ্চিত করেছেন মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের এক কর্মী।
গত ১৯ সেপ্টেম্বর ভোরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রাম থেকে সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় র্যাব জানিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট তিনি একে-৪৭ রাইফেল দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালান। ওই ঘটনায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমরান হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় তার বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।














































































