সংসদে কাউকে 'মোনাফেক' বলতে পারবেন কি না জানতে চেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 'আমি কি কাউকে মোনাফেক বলতে পারব এই সংসদে?' জবাবে স্পিকার বলেন, 'না, পারবেন না।' এরপর সুলতান সালাহউদ্দিন বলেন, 'আচ্ছা, আমি মোনাফেক বললাম না কাউকে।'
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সুলতান সালাহউদ্দিন 'মোনাফেক' শব্দ ব্যবহার নিয়ে স্পিকারের সঙ্গে এই কথোপকথন করেন। যদিও তিনি কাকে মোনাফেক বলতে চেয়েছেন, তা উল্লেখ করেননি।
তবে পরবর্তী সময়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ফুটে ওঠে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি এ কথাগুলো বলেন।














































































