স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা গেছে, পরিদর্শনের সময় তিনি সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। পরে ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ ও ব্যবহার সম্পর্কে ওসির কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন তিনি। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তাও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন তিনি।














































































