জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদল। আজ সোমবার চিফ হুইপের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংসদ শক্তিশালীকরণ (স্ট্রেংদেনিং পার্লামেন্ট), ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক্স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাৎকালে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানা সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি গ্রহণ করেছে।
চিফ হুইপ আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানিবিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।














































































