বাবার নামের মহিমা তাঁর নামের পাশে আজীবন এক ছায়ার মতো লেগে আছে। কিন্তু লুকা জিদান নিজের পরিচয়টা গড়ছিলেন আলাদা করে, গোলবারের নিচে। স্বপ্ন দেখছিলেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলারও। কিন্তু সেই পথে হঠাৎই এক বড় বাধা হয়ে এল চোট। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রানাদার এই গোলরক্ষককে। আর এই এক চোটে এখন সুতোর ওপর ঝুলছে তাঁর বিশ্বকাপ–ভাগ্য।
ঘটনা গত রোববারের। আলমেরিয়ার স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে লুকা শুধু মাঠই ছাড়েননি, এর আগে হারিয়েছিলেন চেতনাও। তবে দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়েছে পরবর্তী মেডিক্যাল রিপোর্টে। গ্রানাদা এক বিবৃতিতে জানিয়েছে, লুকা জিদানের চোয়াল ও থুতনিতে চিড় ধরা পড়েছে।২৭ বছর বয়সী এই গোলরক্ষকের অবস্থা এখন বেশ জটিল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত এই মৌসুমের বাকি সময়টা তাঁর মাঠের বাইরেই কাটবে। যদি অস্ত্রোপচার করাতে হয়, তবে পুনর্বাসনের প্রক্রিয়া হবে আরও দীর্ঘ।


































































































































































































