ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ১০০ দিন পূর্ণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো এগিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। আলোচিত বাণিজ্য চুক্তিকেও তিনি ঐতিহাসিক বলে মন্তব্য করেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে গতকাল বুধবার এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত জানান, মাত্র ১০০ দিনেই তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরো এগিয়ে নিয়েছেন। বাণিজ্য ও স্বাস্থ্য খাতে নতুন অংশীদারত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময় পর্যন্ত বিভিন্ন উদ্যোগ দুই দেশের মানুষকে আরো কাছে এনেছে।
বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটি আমাদের বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষা করবে এবং উভয় দেশকে আরো সমৃদ্ধ করবে। এ বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আমি বাংলাদেশের সর্বত্র মার্কিন ব্যবসায়ীদের হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


































































































































































































