যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন একটি বইবিহীন বইয়ের দোকান খুলেছে যেখানে কাগজে ছাপা কোনো বই নেই। পৃষ্ঠা বা মলাটের হিসাব নেই। আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ। অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল গত শুক্রবার ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই পপআপ স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। ই–কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অডিবল বলছে, এটি নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’।
দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। বরং দোকানের তাকজুড়ে সাজানো আছে ‘স্টোরি টাইল’ নামের অডিওবুক ট্যাবলেট। এ স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে!


































































































































































































