আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা ও আগুনের জন্য ইরান কিংবা ইরানের সহযোগীদের কেউ একজন দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় ওই কেন্দ্রের জেনারেটরে আগুন ধরে যায়। এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।


































































































































































































