মহাবিশ্বের অসীম শূন্যতা থেকে আমাদের সৌরজগতে ভেসে আসা রহস্যময় আন্তনাক্ষত্রিক ধূমকেতু ৩আই/অ্যাটলাসের উৎপত্তি সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গত বছর পৃথিবীর পাশ দিয়ে দ্রুতবেগে চলে যাওয়া ধূমকেতুটি সম্ভবত আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির এমন এক শীতল ও বিচ্ছিন্ন প্রান্ত থেকে এসেছে, যেখানে এখনো কোনো সৌরজগত তৈরি হয়নি।
গত বছরের মাঝমাঝি সময়ে শনাক্ত হওয়া আন্তনাক্ষত্রিক ধূমকেতু ৩আই/অ্যাটলাসের বিস্তারিত তথ্য জানতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, শনাক্ত করার পর থেকেই একাধিক স্পেস টেলিস্কোপের মাধ্যমে ধূমকেতুটির ওপর নজর রাখা হয়।
অক্টোবর মাসে ধূমকেতুটি মঙ্গল গ্রহকে অতিক্রম করেছে। এরপর ডিসেম্বর মাসে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার পর বর্তমানে বৃহস্পতি গ্রহকে ছাড়িয়ে আমাদের সৌরজগত থেকে চিরতরে বিদায় নেওয়ার পথে রয়েছে ধূমকেতুটি।


































































































































































































