যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক গতকাল বুধবার একটি নথি প্রকাশ করেছেন, যেটিকে প্রয়াত জেফরি এপস্টিনের হাতে লেখা 'আত্মহত্যার নোট' বলে বর্ণনা করা হয়েছে। ওই নোটে একটি লাইন—'নিজের বিদায়ের সময় বেছে নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই একধরনের সৌভাগ্য।'২০১৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ম্যানহাটান কারাগার থেকে শিশু যৌন নিপীড়নকারী হিসেবে কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বলা হয়, এপস্টিন নিজের কারাকক্ষে আত্মহত্যা করেছেন।
যৌন অপরাধের অভিযোগে এপস্টিনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময়ে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছিল।
হাতে লেখা নোটটি দণ্ডপ্রাপ্ত খুনি ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওন খুঁজে পেয়েছিলেন বলে জানানো হয়েছে। এপস্টিন ও টার্টাগ্লিওন কিছুদিন কারাগারে একই কারাকক্ষে বন্দী ছিলেন।


































































































































































































