স্পেনের দ্বিতীয় বিভাগের আরাগোনেস ডার্বিতে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে ঘটে যাওয়া এক উত্তপ্ত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত রোববারের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টাচলাইনের কাছে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আন্দ্রাদা। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।
তবে তাতেই থামেননি জারাগোজার এই গোলরক্ষক। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ফেটে পড়ে আবার দৌড়ে গিয়ে পুলিদোকে সজোরে ঘুষি মারেন তিনি। এরপরই দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
এই উত্তপ্ত পরিস্থিতিতে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে আন্দ্রাদার মাথার পেছনে আঘাত করেন। ফলে তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও একই পরিণতির শিকার হন।


































































































































































































