বিশ্বকাপ শুরু হতে ১৯ দিন বাকি। এর মধ্যে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজ খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।
ফ্রাইবুর্গকে গত বুধবার রাতে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। আঙুলে চোট নিয়েই এ ম্যাচে ভিলার পোস্টে দাঁড়ান মার্তিনেজ। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান মার্তিনেজ। আঙুলটি সামান্য মচকে গেছে। অস্ত্রোপচারের দরকার হবে না অবশ্য।
আর্জেন্টিনা দলের আশা, বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের আগেই মার্তিনেজ সুস্থ হয়ে উঠবেন। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্তিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে।


































































































































































































