তারকাদের নিয়ে ভক্তদের কল্পনার শেষ নেই। পছন্দের তারকার সঙ্গে একবার দেখা করা, একটি সেলফি তোলা কিংবা একটি অটোগ্রাফের জন্য নানা ধরনের পাগলামিও করেন তাঁরা। এবার এক কিশোর ভক্তের ডাকে সাড়া দিয়ে আলোচনার জন্ম দিলেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।
১৪ বছর বয়সী গায়েল বুয়েনস এইরেসের বেলা ভিস্তায় নিজের গ্যারেজে একটি ছোট বারবার শপ (চুল কাটার দোকান) চালায়। তার স্বপ্ন, একদিন রিভার প্লেটের সাবেক খেলোয়াড় আলভারেজের চুল কাটবে।
গল্পে মোচড় আসে যখন আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সার নাচানো ও ফ্রান কাসারেত্তো গায়েলের পারিবারিক বারবার শপে যান। তাঁরা গায়েলের স্বপ্ন নিয়ে একটি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।


































































































































































































