আরিফ হাসনাত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পুরকৌশলে পড়ার সময় যখন তাঁর সিজিপিএ কমতে শুরু করে, আশপাশে চেনা মুখগুলোও বদলে যেতে থাকে। একসময় ২.৭১ সিজিপিএ নিয়ে ব্যাচেলর শেষ করেন আরিফ। আজ তিনিই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির পিএইচডি গবেষক।
লড়াইটা আদতে দ্বিতীয় বর্ষ থেকে শুরু হয়েছিল। বড় ভাইয়েরা যখন থিসিসের প্রস্তুতিতে ব্যস্ত, আরিফ তখন ফজরের আজানের পরপরই সাইকেল নিয়ে রাজশাহীর মোড়ে মোড়ে ঘুরতেন পানির নমুনা সংগ্রহের জন্য। ল্যাবে ঘণ্টার পর ঘণ্টা কাজ, অনলাইন থেকে গবেষণার পদ্ধতি শেখা—সবই প্রাতিষ্ঠানিক কোনো গাইডলাইন ছাড়াই করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ তহবিলসহ (ফুল ফান্ডেড) অফার পান তিনি। আরিফ বলেন, ‘প্রত্যেক অধ্যাপকের ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে ঘাঁটতাম। যখন একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং অফার আসতে থাকে, তখন মনে হলো, এত বছরের পরিশ্রম বৃথা যায়নি।’


































































































































































































