প্রথম আলো আবার ফান ম্যাগাজিন বের করতে যাচ্ছে শোনার পর থেকে কান গরম হয়ে আছে। চায়ের পানি গরম করে ফেলার মতো উত্তপ্ত। অন্যান্য দেশের ন্যাড়া বেলতলায় একবারই যায়। বাঙালির যেহেতু চিকন বুদ্ধি, বঙ্গদেশীয় ন্যাড়া বেলতলায় যায় দুবার। প্রথমবার পড়ার পর মাথার তালু ঘষতে ঘষতে বেরিয়ে আসে। ফেরার পথে ভাবে, পড়ছেই যখন, বেলটা না নিয়ে আসলে লস। দ্বিতীয়বার গিয়ে দুহাতে দুটি বেল নিয়ে ফেরে। ঠিক ধরেছেন, একটা বেলের লোভে দ্বিতীয়বার বেলতলায় গিয়ে তার মাথায় নিউটনীয় তত্ত্বের প্রয়োগ আরেকবার ঘটে। লোভেই লাভ, LOVE-এ লস।
নিউটন বাংলাদেশে জন্মালে জীবনেও মাধ্যাকর্ষণ থিওরি আবিষ্কার করতে পারত না। ওই সব দেশে মাথায় পড়ে আপেল, কমলা, আঙুর। বাংলাদেশে মাথায় এসে পড়ে বেল, নারকেল, নির্মাণাধীন ভবনের ইট কিংবা মেট্রোরেলের বিয়ারিং প্যাড। খোলা প্রান্তরে দাঁড়িয়ে থাকবেন? মাথায় এসে পড়বে ঠাডা! সে যা–ই হোক, আমি লিখছিলাম প্রথম আলোর আবার ফান ম্যাগাজিন বের করা নিয়ে।
বঙ্গীয় পত্রিকা হয়েও প্রথম আলো সম্ভবত চতুর্থবার বেলতলায় যাচ্ছে। আলপিন, রস+আলো, কথা কম…। রসিক বাঙালি রসিকতা নিতে পারে না জানার পরও ফিরিয়ে আনছে রস+আলো।


































































































































































































