বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবধর্মী, ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হতে হবে। বিশ্ব এখন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু–সংকট ও প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও কৌশলগত পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করেন আ ন ম মুনিরুজ্জামান। একই সঙ্গে বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আ ন ম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের উচিত সব বড় শক্তির সঙ্গে গঠনমূলক সম্পর্ক ধরে রাখা এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা। বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আ ন ম মুনিরুজ্জামান।


































































































































































































