ভারতের ব্যস্ত শহুরে জীবনে অটোরিকশা শুধু যাতায়াতের মাধ্যম নয়। এ যেন প্রতিদিনের ছোট ছোট গল্পের বাহক। ভারতের রাস্তায় চলা এসব তিন চাকার যান সাধারণত রঙিন সাজ, মজার স্লোগান কিংবা অদ্ভুত পোস্টারে নজর কাড়ে। তবে কর্ণাটকের এক অটোচালক ভিন্ন এক উদ্যোগের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন।
ওই চালক নিজের অটোরিকশাটিকে একটি ছোট গ্রন্থাগারে রূপ দিয়েছেন। যাত্রীরা মুঠোফোনের স্ক্রিনে বুঁদ হয়ে না থেকে যেন বইয়ের পাতায় চোখ বুলাতে পারেন, তার সুযোগ করে দিচ্ছেন তিনি।
শুধু বই নয়, যাত্রাপথে যাত্রীদের খাওয়ার জন্য কৌটাভর্তি ক্যান্ডিও রাখা আছে। অটোরিকশাচালকের এ উদ্যোগ যেন সৃজনশীলতা ও জনসেবার এক মিশেল। উদ্যোগটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


































































































































































































