বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ সম্প্রতি আলোচনার কেন্দ্রে আসে এর নামকরণ নিয়ে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের এই মহিষের নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ঈদুল আজহাকে সামনে রেখে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম, এমনকি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমেও আসে ‘বাংলাদেশের ট্রাম্প’–এর খবর। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংকএর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম প্রথম কলকাতা একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করে, বাংলাদেশের ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং। পোস্ট করা ফটোকার্ডটির ক্যাপশনে ছিল ‘বাংলাদেশের বিখ্যাত মহিষের ছবি পোস্ট করে মজার প্রতিক্রিয়া ট্রাম্পের’।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংকযাচাই করে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ২৩ মে ২০২৬ তারিখে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, ভাইরাল স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইল ছবিটিও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্রোফাইলের সঙ্গে মিলছে না। বরং সেটি তার এক্স অ্যাকাউন্টের ছবির সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। কিন্তু এক্স প্ল্যাটফর্মেও ট্রাম্পের এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।
তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ২২ মে বাংলাদেশের এই মহিষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই সূত্র ব্যবহার করেই মূলত ট্রাম্পের নামে পোস্টটি তৈরি করা হয়েছে।


































































































































































































